শিরোনাম ::
অণুগল্প : কবিকন্যা
- আপডেট সময় : ০৭:০৬:১৬ pm, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
প্রকাশ চন্দ্র রায়
-বাবা, বলো তো,আজ কত তারিখ?
-কেন ১৩ তারিখ!
-এবার বলো,আর কতদিন বাকী আছে?
বাবা ভাবলেন মেয়ে তার বুদ্ধিমত্তার পরীক্ষা নিচ্ছে!
তাই বললেন,
-১৭ দিন।
-কীসের ১৭ দিন?
-নভেম্বর শেষ হবে তাই !
-না,একটা বিশেষ দিন আছে বাবা।
-ওওওও..কবি বাবা ভাবছে,২২ তারিখে তাদের
“কবি সম্মেলন”আছে ঢাকা’তে। আবেগাপ্লুত কবি
উল্লসিত কন্ঠে বললেন..
-তাই তো মা-মণি আমাদের”মহা সম্মেলন”
হবে ২২ তারিখে,তুমি যাবে কি আমার সঙ্গে?
বাবার কথা শুনে রাগে ক্ষোভে অভিমানে অগ্নিমূর্তি
ধারণ করলো কবিকন্যা! বড় আদরের একমাত্র মেয়ে
সে-খুব’ই ব্রিলিয়ান্ট ছাত্রী। ক্লাশ ওয়ান থেকে প্রতিটি
ক্লাশের কিন্ডার গার্ডেন বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়ে পেয়ে পিএসসিতে উপজেলা ফার্ষ্ট হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি নিয়েছে। এখন ক্লাশ সিক্সের ছাত্রী।
নাস্তার টেবিলে নাস্তা করতে করতে উপরোক্ত
কথপোকথন চলছিল বাবা আর মেয়ের। উত্তেজিত হয়ে টেবিলে সাজানো নাস্তার সমস্ত সরঞ্জাম-প্লেট চামচ গ্লাস
সব লন্ড ভন্ড করে দিয়ে ছুঁড়ে ফেললো মেয়ে।
ঝন ঝন শব্দে মেঝেতে পড়লো থালা,বাটি,চামচ,ভেঙ্গে গেল কয়েকটা কাঁচের গ্লাস, একটা জগ, চিনির বৈয়াম।
মেঝেতে ছড়িয়ে পড়া খাদ্য সামগ্রী-পরোটা, আলুর দম, ডিমের ওমলেট এর দিকে আড়চোখে তাকাচ্ছেন আর ভাবছেন কবি সাহেব,
-ওহ ! চমৎকার একটা রোমান্টিক কবিতার চিত্রকল্প ঘুরপাক খাচ্ছিলো মনের মধ্যে,নাস্তা সেরে লিখে ফেলতে চেয়েছিলেন লেখাটা তিনি। সব ভন্ডুল করে দিল দুষ্ট মেয়েটা!
রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন কবিপত্নী- কিন্ডার গার্ডেন স্কুলের হেড-মিস্ট্রেস তিনি। কবির মুখে ঘটনার আদ্যপান্ত শুনে হেসে ফেললেন শেষে।
-ওহ্! এইটুকুই বুঝতে পারোনি কবি! আসছে ২৮শে নভেম্বরে জন্মদিন ওর। এবারের জন্মদিনটা মহা ধুমধামে পালন করবে বলে গতকালে থেকে খুবই জেদাজেদি শুরু করেছে তোমার আহল্লাদী মেয়ে।
স্কুলব্যাগ কাঁধে নিয়ে ধুপধাপ শব্দে পা ফেলে ততক্ষণে র্সিঁড়ি বেয়ে নেমে বিস্ময়াবিষ্ট বাবা-মা এর কাছ ঘেঁষে স্কুলের উদ্দেশ্যে চলছে অভিমানক্ষুব্ধ অভিমানী মেয়ে। সাজানো টিফিন বাটি বা যাতায়াতের রিক্সা ভাড়ার টাকাটাও নেওয়ার প্রয়োজন বোধ করলো না আজ।
-মা’মণি-ডাকতে গিয়েও আর ডাকা হলো না,শুধু তার গমন পথের দিকে চেয়ে থেকে,একসাথে হেসে ফেললো স্বামী-স্ত্রী দুজনেই।






