শিরোনাম ::
মানবতার সন্ধানে সাহিত্য : আয়াজ আহমদ বাঙালি
- আপডেট সময় : ০৭:৫১:১৬ pm, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
মানবজাতির ভিত্তি এবং সভ্যতার শ্রেষ্ঠতম অর্জন মানবতা। মানুষ হিসেবে জন্মগ্রহণ করাই যথেষ্ট নয়, প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য যে অন্তর্নিহিত গুণাবলি ও মূল্যবোধের প্রয়োজন হয়, তার সামগ্রিক রূপই হলো মানবতা। এটি এমন এক চেতনা যা পশুত্বকে দমন করে মনুষ্যত্বকে প্রকট করে।
অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করা, অপরের সুখে আনন্দিত হওয়া এবং জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা ও ভালোবাসা দেওয়ার নামই মানবতা। পৃথিবীর তাবৎ ধর্মগ্রন্থ, দর্শন এবং মনীষীদের বাণীতে এই মানবিক বোধকেই সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে।
আচরণ, চিন্তা ও কর্মের মধ্য দিয়ে নীরবে ও সরবে মানবতা প্রকাশিত হয়। ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়া, বিপদগ্রস্ত পথিককে সঠিক পথ দেখানো বা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মতো সাধারণ কাজগুলোর মধ্যেই মানবতার সৌন্দর্য। এছাড়াও; কারও বিপদে সহানুভূতির দুটি মিষ্টি কথা বলা, অসহায়ের চোখের জল মুছে দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দুর্বলের অধিকার রক্ষায় সোচ্চার হওয়াও মানবতার মধ্যে পড়ে। স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর কল্যাণে নিজেকে নিয়োজিত করলে মানবতা পূর্ণতা পায়।
পরিতাপের বিষয় এই যে, বর্তমানে প্রতিনিয়ত মানবতার বিপর্যয় ঘটছে।লোভ, ক্ষমতার অন্ধ মোহ, সংকীর্ণ স্বার্থপরতা এবং ধর্মীয় ও রাজনৈতিক উগ্রতা মানবতাকে পদে পদে পদদলিত করছে। শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, নিরীহ শিশু ও নারীর রক্তে রঞ্জিত হচ্ছে জনপদ। মানবতা নির্বাক হয়ে কাঁদছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করা দুর্নীতি, বৈষম্য, বর্ণবাদ এবং সাম্প্রদায়িক হানাহানি মানবিক সত্তাকে গলা টিপে হত্যা করছে।
তথাকথিত প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষের যুগে মানুষ যান্ত্রিক হয়ে পড়ছে। প্রতিবেশীর আর্তনাদও আজ আমরা শুনতে পাই না। স্বার্থপরতার বিষবাষ্পে আচ্ছন্ন হয়ে মানুষ যখন অন্যের ধ্বংসের ওপর সুখের প্রাসাদ গড়তে চায়, তখনই মানবতা চরমভাবে ভূলুণ্ঠিত হয়।
মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য যুগ যুগ ধরে কাজ করে আসছেন সাহিত্য। সাহিত্য কেবল কল্পনার জাল বোনা বা নিছক বিনোদনের মাধ্যম নয়। সাহিত্য জীবনের দর্পণ এবং মানবিক মূল্যবোধের ধারক ও বাহক। বিশ্বসাহিত্যের পাতায় পাতায় মানবতার জয়গান গাওয়া হয়েছে। প্রাচীন মহাকাব্য কথা বলুন আর এ কালের গল্প, কবিতা ও উপন্যাসের কথা বলুন সবখানেই মানবিকতার জয়জয়কার রয়েছে।
মধ্যযুগের কবি চণ্ডীদাস উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অসংখ্য গল্প, কবিতা ও গানে বিশ্বমানবতার জয়গান গেয়েছেন এবং মানুষকে সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে মহামানবের সাগরে মিলিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কথা বলেছেন এবং সাম্যের গান গেয়ে মানবতাকে উচ্চে তুলে ধরেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের অবহেলিত ও তথাকথিত পতিত মানুষদের ভেতরের অকৃত্রিম মানবিক রূপটিকে অত্যন্ত দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাতেও সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও মানবিক সম্পর্কের গভীরতা মূর্ত হয়ে উঠেছে।
বিশ্বসাহিত্যে লিও তলস্তয়, ফিওদর দস্তয়েভস্কি, ভিক্টর হুগো এবং চার্লস ডিকেন্সের মতো কালজয়ী সাহিত্যিকেরা তাঁদের অমর সৃষ্টির মাধ্যমে মানুষের অন্তরের নিষ্ঠুরতাকে আঘাত করেছেন। করুণা, ক্ষমা ও ভালোবাসার মহিমা প্রচার করেছেন। সাহিত্য মানুষের হৃদয়ে সহমর্মিতার বীজ বপন করে। পাঠককে অন্যের কষ্ট অনুভবের তাগিদ দেয় এবং মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করে।
এককথায়, পৃথিবী যতই আধুনিক হোক না কেন, মানবতা ছাড়া মানবসভ্যতা অর্থহীন ও অন্তঃসারশূন্য। মানবতা আমাদের সঠিক পথের দিশা দেয়। বর্তমান সংঘাতময় বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদের আবারও মানবিক মূল্যবোধের কাছে ফিরে যেতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সকলকে মানবতার চর্চা শুরু করতে হবে। পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সাহিত্য-সংস্কৃতির চর্চা করে নতুন প্রজন্মের মনে মানবিকতার বীজ রোপণ করা জরুরি। মানুষ যেদিন মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখবে এবং হিংসা ও বিদ্বেষের দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু গড়ে তুলবে ওইদিনই এই পৃথিবী বসবাসযোগ্য হয়ে উঠবে। মানবতার চিরন্তন বিজয় সূচিত হবে।
আসাম, ভারত








