ঢাকা 05:10 am, Wednesday, 18 November, 2026

গল্প

স্ত্রীর ভালোবাসার কোনো মূল্য নেই : আফছানা খানম অথৈ 

  • আপডেট সময় : ০৬:১৭:৪৯ pm, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
সময়ের খেয়া অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রহিমার বিয়ের সাত বছর পেরিয়ে গেছে। অথচ এখনো তার কোলজুড়ে আসেনি কোনো সন্তান। এই একটি কারণে প্রতিনিয়ত তাকে শুনতে হয় কটুকথা, সহ্য করতে হয় অপমান। স্বামী সুবেদ আলীকে নিয়ে কত চিকিৎসকের কাছে ছুটেছে সে! পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, রহিমার সন্তান ধারণে কোনো জটিলতা পাওয়া যায়নি। তবে সন্তান না হওয়ার কারণ জানতে স্বামী-স্ত্রী দুজনেরই প্রয়োজনীয় পরীক্ষা করা উচিত। ধৈর্য ধরতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে।
কিন্তু কে শোনে কার কথা!রহিমার স্বামীর বাবা-মা কেউ বেঁচে নেই। বড় দুই বোন ও ভগ্নিপতিরাই তার অভিভাবক। আশ্চর্যের বিষয়, নিজের স্বামীর চেয়েও তার বোন-ভগ্নিপতিদের সন্তান নেওয়ার আগ্রহ যেন বেশি!
তারা সুযোগ পেলেই সুবেদ আলীকে বোঝায়,
—এই বন্ধ্যা বউকে দিয়ে আর কত দিন সংসার করবি? সাত বছর হয়ে গেল, এখনো বাচ্চার মুখ দেখতে পারলি না! এভাবে বংশের বাতি জ্বলবে কী করে?
সুবেদ আলী প্রথম দিকে এসব কথায় কান দিত না। কিন্তু প্রতিদিন একই কথা শুনতে শুনতে একসময় তার মনেও সন্দেহের বীজ গজাতে থাকে।
একদিন বড় বোন সরাসরি বলে বসে,
—দেখ ভাই, আবেগ দিয়ে সংসার চলে না। তোর একটা সন্তান দরকার। এই মেয়েকে রেখে কী লাভ? তালাক দিয়ে দে। আমরা তোকে আবার বিয়ে করাব। দেখবি, ঘরে সন্তান আসবে।
সুবেদ আলী চুপ করে থাকে। অথচ সেই নীরবতার আড়ালেই ধীরে ধীরে বদলে যেতে থাকে তার মন।
একদিন কৌশলে রহিমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় সে। রহিমা ভেবেছিল, হয়তো কয়েক দিন পর স্বামী এসে তাকে নিয়ে যাবে। কিন্তু দিন যায়, সপ্তাহ পেরোয়, স্বামীর কোনো খোঁজ নেই। ফোন করলেও নানা অজুহাত।
একদিন আর অপেক্ষা করতে না পেরে রহিমা নিজেই স্বামীর বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়ির দরজায় পৌঁছে দেখে, ঘরে তালা ঝুলছে।
প্রতিবেশীদের কাছে কাঁপা কণ্ঠে জানতে চায়,
—আপা আমার স্বামী কোথায়? ঘরে তালা কেন?
একজন প্রতিবেশী দীর্ঘশ্বাস ফেলে বলে,
—তোমার স্বামী আর তোমাকে সংসারে রাখবে না। সে নাকি তোমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই ঘরে তালা দিয়ে অন্য কোথাও চলে গেছে।
কথাটা শুনে রহিমার মনে হলো, কেউ যেন এক মুহূর্তে তার বুকের ভেতরটা ছিঁড়ে ফেলেছে। চোখেমুখে অন্ধকার নেমে আসে। পায়ের নিচের মাটি সরে যায়। কোনো রকমে নিজেকে সামলে বাড়ি ফেরে সে।
মা-হারা রহিমা বড় দুই বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে।
—আপা, আমি কী অপরাধ করেছি? সাত বছর যার সংসার করলাম, যার জন্য এত কিছু সহ্য করলাম, সেই মানুষটা আমাকে এভাবে ফেলে দিল! আমি কি শুধু একটা সন্তান জন্ম দিতে পারিনি বলে তার ভালোবাসার অযোগ্য হয়ে গেলাম?
বড় বোন তাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেয়।
—কাঁদিস না বোন। সব ঠিক হয়ে যাবে। আমরা কথা বলব। তোর সংসারটা এভাবে ভেঙে যেতে দেব না।
কিন্তু রহিমা জানে, তার সংসারের ভিত ইতিমধ্যেই ভেঙে গেছে। স্বামীর কানে বিষ ঢালতে ঢালতে আপনজনেরাই তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।
কয়েক দিন পর দুই পক্ষের আত্মীয়স্বজন বসে সালিশের আয়োজন করে। রহিমার বড় বোন সুবেদ আলীকে অনুরোধ করে বলে,
—ভাই, আর একটু ধৈর্য ধরো। সাত বছরের সংসার কি এত সহজে ভেঙে ফেলা যায়? ডাক্তার তো বলেছে, রহিমার সন্তান ধারণে কোনো জটিলতা পাওয়া যায়নি। সন্তান দেওয়া-না দেওয়ার মালিক আল্লাহ। তোমরা দুজন চিকিৎসা চালিয়ে যাও। আল্লাহ চাইলে একদিন তোমাদের ঘরেও সন্তান আসবে। আমার মা-হারা বোনটাকে এভাবে ছেড়ে দিয়ো না।
সুবেদ আলী বিরক্তির সুরে বলে,
—আপা, আমি আর কত দিন অপেক্ষা করব? আমারও তো একটা সন্তান দরকার। সারাজীবন কি এভাবেই কাটাব?
রহিমা এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। এবার চোখের পানি মুছে ধীর কণ্ঠে বলে,
—তুমি সন্তান চাও, আমি কি চাই না? প্রতিটি নারীর মতো আমিও মা হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু আমার হাতে কি সব আছে? প্রতিটি মাসে আশা নিয়ে অপেক্ষা করি, আবার হতাশ হই। তারপরও তোমার মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলাই। তুমি পাশে থাকলে সব কষ্ট সহ্য করতে পারব ভেবেছিলাম। অথচ আজ তুমিই আমাকে ছেড়ে যেতে চাইছ!
সুবেদ আলী কোনো উত্তর দেয় না।তার বড় বোন এবার বলে,
—এসব আবেগের কথা শুনে সিদ্ধান্ত বদলানোর দরকার নেই। তোর জীবনটা আগে ভাব। আমরা তো আছিই, তোর আবার বিয়ে দেব।
সেদিনই ছেলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। রহিমার সংসার আর টিকবে না।
নির্ধারিত দিনে দুই পক্ষের লোকজন কাজী অফিসে উপস্থিত হয়। রহিমা সেদিন খুব সাধারণ একটি শাড়ি পরেছে। চোখ দুটি ফুলে আছে, রাতভর কান্নার চিহ্ন মুখে স্পষ্ট। তবু তার মনে ক্ষীণ একটি আশা—হয়তো শেষ মুহূর্তে সুবেদ আলীর মন বদলাবে। হয়তো সে বলবে, ‘চলো, বাড়ি ফিরে যাই।’
কিন্তু বাস্তবতা বড় নির্মম!বিচ্ছেদের কাগজে স্বাক্ষরের ঠিক আগমুহূর্তে রহিমা আর নিজেকে সামলাতে পারে না। সবার সামনে সুবেদ আলীর পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে,
—ওগো, আমাকে ছেড়ে দিয়ো না। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। সাত বছর ধরে তোমার ঘর করেছি, তোমাকে ভালোবেসেছি। জীবনে আর কিছু চাই না। শুধু তোমার পাশে থাকতে চাই। তুমি আর একটু ধৈর্য ধরো। আল্লাহ চাইলে আমাদের ঘরেও সন্তান আসবে।
কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। একটু থেমে আবার বলে,
—আচ্ছা, সন্তানই কি সব? একজন স্ত্রীর ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমি কি তোমার সুখে-দুঃখে পাশে থাকিনি? অসুস্থ হলে রাত জেগে সেবা করিনি? তোমার সামান্য কষ্টেও কি আমার বুক কাঁদেনি? আজ শুধু মা হতে পারিনি বলে আমার সাত বছরের ভালোবাসা মিথ্যা হয়ে গেল?
রহিমা এবার স্বামীর মুখের দিকে তাকিয়ে শেষবারের মতো বলে,
—তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে বাঁচব? আমি তো অন্য কাউকে চাইনি। শুধু তোমাকেই চেয়েছি। বিশ্বাস করো, তোমাকে যতটা ভালোবেসেছি, সেই ভালোবাসার হিসাব কোনোদিন দিতে পারব না।
সুবেদ আলী পা সরিয়ে নেয়।কঠিন কণ্ঠে বলে,
—এসব কান্নাকাটি করে লাভ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
রহিমা স্তব্ধ হয়ে যায়। যে মানুষটির একটু ভালোবাসা পাওয়ার জন্য সে এতটা আকুল, সেই মানুষটির চোখে আজ তার কান্নারও কোনো মূল্য নেই!
পাশে দাঁড়িয়ে থাকা বোন-ভগ্নিপতিরাও নীরব। কেউ একবারও বলে না, ‘থাক ভাই, আরেকবার ভেবে দেখ।’ কেউ রহিমার চোখের পানি মুছে দেয় না।
অবশেষে বিচ্ছেদ হয়ে যায় সাত বছরের সংসারের।
সন্তানই কি সব?কিছু পুরুষ নারীকে কেবল সন্তান জন্ম দেওয়ার মাধ্যম মনে করে। সন্তান হতে একটু দেরি হলেই স্ত্রীর ভালোবাসা, ত্যাগ, সংসারের প্রতি দায়িত্ব—সবকিছু ভুলে যায়। অথচ একটি সংসার কি শুধু সন্তান দিয়ে পূর্ণ হয়? একজন স্ত্রীর ভালোবাসা, মায়া, দায়িত্ববোধ ও আত্মত্যাগের কি কোনো মূল্য নেই?
সন্তান না হওয়ার দায় শুধু নারীর ওপর চাপিয়ে দেওয়া কতটা অমানবিক! সন্তান আল্লাহর দান। কার ঘরে কখন সন্তান আসবে, তা মানুষের হাতে নেই। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতেও সন্তান না হওয়ার কারণ জানতে স্বামী-স্ত্রী উভয়ের পরীক্ষা প্রয়োজন।
আজ সুবেদ আলী হয়তো মনে করছে, সন্তানই তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। কিন্তু সে একবারও ভাবল না, জীবনের শেষ প্রান্তে গিয়ে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন আপন মানুষের।
সন্তান বড় হবে, নিজের সংসার হবে, চাকরি-বাকরি ও নানা ব্যস্ততায় ডুবে থাকবে। বাবা-মাকে ভালোবাসলেও সব সময় পাশে থাকার সুযোগ হয়তো তাদের হবে না। অসুস্থতার রাতে কিংবা একাকিত্বের মুহূর্তে প্রতিটি সন্তান যে বাবা-মায়ের পাশে থাকতে পারবে, তার নিশ্চয়তা কোথায়?
অথচ একজন ভালোবাসার স্ত্রী স্বামীর অসুস্থতায় রাত জেগে সেবা করতে পারে। বয়সের ভারে শরীর নুয়ে পড়লে হাত ধরে হাঁটতে সাহায্য করতে পারে। ওষুধ খাওয়ানো থেকে শুরু করে প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখতে পারে। স্বামী যখন কর্মজীবন থেকে অবসর নিয়ে ঘরে ফিরে আসে, তখন সেই স্ত্রীই হতে পারে তার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। যে মানুষটি সুখে-দুঃখে, অসুস্থতায়, বার্ধক্যে এমনকি মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে।
রহিমাও তো ঠিক এমন একটি জীবন চেয়েছিল। সে শুধু মা হতে চায়নি, স্বামীর সঙ্গে বৃদ্ধ হতে চেয়েছিল। চেয়েছিল, জীবনের শেষ দিন পর্যন্ত সুবেদ আলীর হাতটি ধরে রাখতে। সন্তান হোক বা না হোক, দুজন দুজনের অবলম্বন হয়ে বেঁচে থাকতে।
কিন্তু পাষণ্ড সুবেদ আলী সেই ভালোবাসার মূল্য বুঝল না। যে নারী তাকে নিজের সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিল, তাকেই সন্তান না হওয়ার অজুহাতে জীবন থেকে ছুড়ে ফেলে দিল।
হয়তো একদিন সুবেদ আলীর ঘরেও সন্তান আসবে। সন্তানরা বড় হবে, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বয়সের ভারে যখন সুবেদ আলীর শরীর ভেঙে পড়বে, যখন অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে একজন আপন মানুষের সঙ্গ খুঁজবে, তখন হয়তো তার মনে পড়বে রহিমার কথা।
মনে পড়বে, একদিন একটি নারী তার পা জড়িয়ে ধরে কেঁদে বলেছিল—
‘ওগো, আমি তোমার সঙ্গে সারাজীবন থাকতে চাই। সন্তানই কি সব? স্ত্রীর ভালোবাসার কোনো মূল্য নেই?’
সেদিন হয়তো সুবেদ আলীর কাছে অনেক কিছুই থাকবে, কিন্তু থাকবে না সেই নারীটি। যে নারী সন্তান ছাড়াও তাকে নিজের পৃথিবী মনে করেছিল। যে নারী তার বার্ধক্যের সঙ্গী হতে চেয়েছিল।
হায় সুবেদ আলী! তুমি সন্তান চেয়েছিলে, অথচ যে মানুষটি তোমার জীবনের শেষ বয়সের সবচেয়ে বড় অবলম্বন হতে পারত, তাকেই নিজের হাতে হারিয়ে ফেললে!
সন্তান জীবনের আশীর্বাদ, কিন্তু জীবনসঙ্গীর ভালোবাসাও এক অমূল্য সম্পদ। সন্তান বড় হয়ে নিজের পৃথিবী গড়ে তোলে। আর একজন ভালোবাসার জীবনসঙ্গী চায় শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশাপাশি থাকতে।
রহিমা তো শুধু সন্তানহীন সংসার নয়, স্বামীর সঙ্গে একটি পূর্ণ জীবন চেয়েছিল। চেয়েছিল, শেষ বয়সে দুজন দুজনের হাত ধরে বেঁচে থাকতে। অথচ যে মানুষটিকে সে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেয়েছিল, সেই মানুষটিই তাকে মাঝপথে একা করে দিল।
সন্তানই কি সব? স্ত্রীর ভালোবাসার কি কোনো মূল্য নেই?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গল্প

স্ত্রীর ভালোবাসার কোনো মূল্য নেই : আফছানা খানম অথৈ 

আপডেট সময় : ০৬:১৭:৪৯ pm, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬