রম্যগল্প
পেটুক : সাঈদুর রহমান লিটন
- আপডেট সময় : ০৪:৫৫:৪৯ pm, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আমরা প্রতিদিন বিকেল বেলা অসীম ভট্টাচার্যের ফার্মেসিতে বসি। সেখানে অনির্ধারিত বিষয় নিয়ে আড্ডা হয়। যখন যে বিষয় সামনে আসে সেই বিষয় নিয়েই আলাপচারিতা হয়। হঠাৎ সঞ্জয় দাস অসীম ভট্টাচার্যের ফার্মেসির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল।সবার নজর সঞ্জয় দাসের দিক যাওয়াতে তার খাদ্যবীরত্বের কথা মনে পড়ে গেলো। অধিক খাওয়ার বিষয়ে তার যথষ্ঠ সুনাম আছে। তখন আমাদের আড্ডা সবেমাত্র শুরু হয়েছে। তাই সেদিন সঞ্জয় দাসকে নিয়েই ফার্মেসিতে আড্ডাটা জমে উঠলো, তখন গল্পের মূল হিরো হয়ে গেলো, আমাদের সেই পরম পেটুক সঞ্জয় দাস । সে বয়সে আমাদের চেয়ে পাঁচ-সাত বছরের ছোট হলে কী হবে, খাওয়ার কীর্তিতে সে ছিল আমাদের সবার দাদাঠাকুর।
অসীম বাবু চায়ের কাপে চুমুক দিয়ে একটা ঐতিহাসিক শ্রাদ্ধ বাড়ির গল্প শুরু করলেন, সেই অনুষ্ঠানে নাকি সঞ্জয় দাস ডাল দিয়ে একটি নয় , দুইটি নয়, গুনে গুনে ৪২টি ফুলকো লুচি খেয়েছিলো। লোকে যেখানে চারটা লুচি খেয়ে মরি মরি করে, সেখানে ৪২টা লুচি হজম করে সঞ্জয়, তারপর আবার মিষ্টি ও দইয়ের দিকে হাত বাড়াল। তাও বাটি মেপে নয়, এক বসায় প্রায় দুই কেজির মতো দই সে স্রেফ চাটনি খাওয়ার মতো গিলে ফেলল। আরেক বিয়ের বাড়ির গল্প তো আরও ভয়ানক। সেখানে সঞ্জয় একাই চার-পাঁচ কেজি খাসির মাংসের সদ্ব্যবহার করেছিল। খাওয়ার টেবিলে তার হাতের জাদু আর মুখের গতি দেখে মনে হচ্ছিল কোনো ক্রাশার মেশিন চলছে।
একটু পর দেখা গেল, খাসির হাড়গোড়ের পাহাড় এত উঁচুতে ঠেকেছে যে ওপাশ থেকে সঞ্জয় ও তার ভাতের প্লেটটাই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। লোকেরা বলাবলি করতে লাগল , এ তো খাদক নয়, এ তো আস্ত এক ব্ল্যাক হোল। আমি নিজেও সঞ্জয়ের এক অবিস্মরণীয় কীর্তির সাক্ষী। কয়েক বছর আগে ফরিদপুরের লাক্সারি হোটেলের নিচে একটা সস্তা ভাতের হোটেল ছিল। সস্তা মানে একেবারে পানির দর, মাত্র ৭০ টাকায় যত “পারো ভাত খাও” অফার।সঞ্জয়, আমি ও বন্ধু বগা মিয়া তিনজন মহা আনন্দে খেতে বসলাম। আমি ও বগা ভদ্রলোকের মতো দুই প্লেট ভাত খেয়ে যখন হাত ধুয়ে ফেলেছি, তখন সঞ্জয় সবেমাত্র খাবার শুরু করলো মনে হলো। সে একে একে এক, দুই, তিন করতে করতে সতের-আঠারো প্লেট ভাত হাওয়া করে দিল।
হোটেলের গামলায় আর ভাত নেই , ওয়েটার পড়লো মহা বিপদে। শেষে উপায়ান্তর না দেখে হোটেলের মালিক সঞ্জয় দাসের সামনে এসে আক্ষরিক অর্থেই হাত জোড় করে কেঁদে ফেলল, বাবা, মাফ করে দাও। ৭০ টাকায় হোটেলে খাওয়াতে এসে নিজের জমিজমা বেচতে পারবো না। প্লিজ দাদা আমাকে ক্ষমা করবেন। শোনা যায়, সেই ঐতিহাসিক দিনের পর হোটেল মালিক তার দোকানের ” ৭০ টাকায় যত পারো খাও ” অফার বন্ধ করে দিয়ে ছিলেন। সেই অজেয় খাদ্যরসিক সঞ্জয় দাস আজ ডায়াবেটিসের জালে বন্দী।
ভাবা যায়, যে পেট একসময় খাসির মাংসের পাহাড় আর ভাতের সমুদ্র নিমেষে হজম করত, আজ সেখানে মেপে মেপে ছোট এক প্লেট ভাত আর এক টুকরো করলার তেতো রস খাচ্ছে। এখন তার জীবনটা হয়ে গেছে এক নির্মম রসিকতা। রসনাবিলাসের রাজা আজ একটা রুটি খেয়ে উঠে যায় বিরস বদনে।


















